নাসিকের ময়লার গাড়ির ধাক্কায় গর্ভবতীর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। রোববার সকালে পাঠানটুলী জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নারী অনি রানী রংপুরের কাউনিয়ার ববেন চন্দ্রের মেয়ে। তিনি বর্তমানে ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকার প্রদীপবাবু বাড়িতে ভাড়া থাকতেন এবং সিদ্ধিরগঞ্জে নীট কনসার্ন গার্মেন্টসে চাকরি করতেন। 

দুর্ঘটনা ঘটানো গাড়ির চালক ইকবালকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। তিনি নারায়ণগঞ্জের খানপুর এলাকার খোকন মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কর্মস্থলে যাওয়ার পথে ওই নারীকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি ময়লার পিকআপ পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় গাড়িটি জব্দের পাশাপাশি চালককে আটক করা হয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, দুর্ঘটনা ঘটানো গাড়ির চালক ইকবালকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।