টাঙ্গাইলে উদ্ধার মাথার খুলিটি কি নিখোঁজ ছাত্রী শর্মিলার?

টাঙ্গাইলে ডোবার পাশ থেকে একটি মানুষের মাথার খুলি উদ্ধার কর হয়েছে। পাওয়া গেছে টুকরো টুকরো কিছু মাংস। তবে দেহের বাকি অংশ পাওয়া যায়নি। স্থানীয়দের ধারনা, মাথার খুলিটি ৯ দিন আগে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী শর্মিলার। কেননা, খুলিটি যেখান থেকে উদ্ধার করা হয়েছে, তার পাশে ওই ছাত্রীর পাজামা পাওয়া গেছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার সকালে জেলার ভূঞাপুর উপজেলার চিতুলিয়া পাড়া এলাকা থেকে মাথার খুলি ও পাজামা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ওই এলাকায় ডোবার পাশে প্লাস্টিকের ব্যাগ কুকুর টানাটানি করছিল। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল মাংসের টুকরো। দুর্গন্ধ ছড়াচ্ছিল চারদিকে। পরে পুলিশে খবর দেওয়া হয়। তবে দেহের অন্য অংশের এখনও কোনো সন্ধান মেলেনি। 

তারা জানান, ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই ৯ দিন আগে নিখোঁজ হওয়া নওসিন ইসলাম শর্মিলার বাড়ি। গত ২৬ মে থেকে নিখোঁজ সে। 

শর্মিলার চাচা কাইয়ুম মিয়া বলেন, এটি শর্মিলার কি না আমরা এখনও শনাক্ত করতে পারিনি। লাশের অধিকাংশ পচে গেছে। কুকুরে টানাটানি করে সমস্ত দেহ টুকরো টুকরো করে ফেলেছে। তবে তার পড়নের লাল পাজামার অংশ দেখে ধারণা করা হচ্ছে খুলিটি তার। 

ভূঞাপুর থানার অফিসার  ইনচার্জ আহসান উল্লাহ সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইয়ের টিম কাজ করছে। ডিএনএ পরীক্ষার পর পরিচয় শনাক্ত করা যাবে।