কিশোরগঞ্জে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে এক যুবক একটি কীটনাশকের দোকানে ঢুকে পড়ে। এতে ওই দোকানের বহু মালামালসহ ব্যক্তিটির শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গেছে। তাকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠানো হয়েছে।
শুক্রবার বিকেলে জেলার কটিয়াদী উপজেলার পুরান বাজারে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তির নাম সজিব। তিনি উপজেলার চরনোয়াবাদ এলাকার আবু বক্কারের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, গায়ে আগুন দেওয়া ওই যুবকটি ‘পাগল’। তবে, সজিব যে মানসিক ভারসাম্যহীন তা তাৎক্ষণিক তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানীর নাম প্রিয়লাল রায়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং কটিয়াদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি।
স্থানীয়রা জানান, ওই ব্যক্তি শরীরে আগুন দিয়ে কীটনাশকের দোকানে ঢুকে পড়ে। ওই দোকানে আগুন লেগে যাওয়ার পর তিনি বের হয়ে আসেন। খবর পেয়ে কটিয়াদী ও কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। তবে ততক্ষণে দোকানটি পুরোপুরি পুড়ে যায়।
দোকান মালিক প্রিয় লাল রায় জানান, দোকানের সামনে একটি মোটরসাইকেলে পেট্রোল ভরার সময় ওই ব্যক্তি বোতল কেড়ে নিয়ে নিজের গায়ে ঢালে। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই দিয়াশলাই দিয়ে গায়ে আগুন জ্বালিয়ে দেয়। এরপর জলন্ত শরীর নিয়ে দোকানে ঢুকে পড়ে। আমরা দ্রুত দোকান থেকে বের হয়ে আসি। তার দাবি, দোকানের সব মালামাল পুড়ে গেছে।
কটিয়াদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদের ভাষ্য, অগ্নিদগ্ধ ওই ব্যক্তিটি ‘পাগল’। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে।