ঢাকার কেরানীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে দুই তরুণীকে রাতভর গণধর্ষণ করা হয়েছে। পরে খবর পেয়ে শিক্ষার্থীরা গিয়ে ভিকটিমদের উদ্ধার করেছে।
শনিবার ভোরে তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদী খোয়ালপাড়া এলাকায় হবি মোল্লার বাসা থেকে ধর্ষণের শিকার হওয়া দুই তরুণীকে উদ্ধার করা হয়। তবে ঘটনায় জড়িতরা বাড়ির ছাদ দিয়ে ঝাঁপ দিয়ে পালিয়ে গেছে।
শিক্ষার্থী ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাতে হবি মোল্লার ছেলে সিপন মোল্লার নেতৃত্বে কয়েকজন মিলে গোয়ালপাড়া এলাকায় একটি সড়কে পাঁচজনকে আটক করে অস্ত্রের মুখে নগদ টাকা ও মোবাইল কেড়ে নেয়।
এরপর তাদের মধ্যে তিন ছেলেকে ছেড়ে দিয়ে পালাতে বলে। আর দুই তরুণীকে অপহরণ করে বাড়ি নিয়ে যায় সিপন মোল্লা ও তার সঙ্গীরা। সেখানে আটকে রেখে রাতভর ধর্ষণ করা হয়।
এদিকে ওই তরুণীদের তিন বন্ধু ছাড়া পেয়েই কদমতলী গিয়ে কিছু শিক্ষার্থীদের পেয়ে ঘটনার খুলে বলে তাদের সহায়তা চান। এরপর ছাত্ররা খোঁজাখুঁজির পর সিপন মোল্লার বাসা থেকে দুই তরুণীকে উদ্ধার করে।
ওই বাড়ি থেকে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে সিপন মোল্লার বাড়ি ভাঙচুর করেন।