সরকার পতনের পর নৈরাজ্যের সুযোগে কারাগার থেকে পলাতক ফাঁসির দণ্ড পাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
মঙ্গলবার মধ্যরাতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কাশিদারামপুর চর থেকে মোহাম্মদ হৃদয় নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামে।
র্যাব জানায়, ২০২০ সালে কক্সবাজার বেড়াতে গিয়ে শ্বেতপাথর কুড়িয়ে পায় মানিকগঞ্জের সাটুরিয়ায় দিমুখা এলাকার আরিফ নামের এক যুবক। পরে বাড়ি ফিরে নিহত হন আরিফ। সেই মামলায় হৃদয়ের ফাঁসির আদেশ হয়।
মামলা সূত্রে জানা যায়, আরিফের শ্বেতপাথরটি নেয়ার জন্য ধান কাটার কথা বলে তাকে সাটুরিয়ার দিমুখা চকে ডেকে নিয়ে যায় হৃদয়। এরপর কাঁচি দিয়ে আরিফকে জবাই করে আত্মগোপনে যায় হৃদয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আদালতে শুনানি ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ২০২২ সালের ২৯ আগস্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় হৃদয়কে মৃত্যুদণ্ডের আদেশ দেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদলতের বিচারক।
পরে তাকে মানিকগঞ্জ থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এদিকে শেখ হাসিনার পতনের পর ছয় আগস্ট রাতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হৃদয়।
এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র্যাব।