প্রমত্তা পদ্মা ও ধলেশ্বরী নদীর বুক চিড়ে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা প্রায় সাড়ে ছয় হাজার একরের আড়িয়াল বিল। বিলটি ঘিরে সম্প্রতি সাইনবোর্ড ঝুলিয়ে আবাসন প্রকল্পের মহোৎসবে মেতেছিল রাজনৈতিক ক্ষমতাসীন ভূমি দস্যুরা।
সোমবার মুন্সিগঞ্জের এই বিল পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের বন পরিবেশ ও গৃহায়ণ উপদেষ্টা। পরিদর্শন শেষে তারা জানান, রাজনৈতিক ক্ষমতার দাপটে এতো দিন যারা বিল দখলের মহোৎসবে মেতেছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রাণ প্রকৃতি সংরক্ষণে মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
আর বিলের জমিতে কোনো ধরনের আবাসন গড়ে উঠতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেন জানান, এখন থেকে বিলটি সংরক্ষণে যতো রকমের পরিকল্পনা দরকার তা বর্তমান সরকার করতে চায়।
সোমবার শ্রীনগর উপজেলা পরিষদে সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করে এসব নির্দেশনা দেন তারা।
এর আগে সকালে শ্রীনগর উপজেলা পরিষদে আড়িয়াল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিংয়ে অংশ নিয়ে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা শোনেন সরকারের এই দুই উপদেষ্টা।
মুন্সিগঞ্জের শ্রীনগর, সিরাজদিখান, দোহার ও নবাবগঞ্জের এই চারটি উপজেলা দিয়ে বয়ে যাওয়া বিলটিকে দখলমুক্ত করে প্রাণ প্রকৃতি ও বিলটির ঐতিহ্য সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলেও জানান তারা।