রাজবাড়ীর পাংশায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় সাবেক ইউপি সদস্য জামরুল ইসলাম মন্ডলকে (৫২) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত জামরুল ইসলাম বাহাদুরপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ও বাহাদুরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) মো. সাব্বির ফয়েজ এ রায় দেন।
মামলা সূত্রে জানা গেছে, পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সপ্তম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী গত ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি দিনগত রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়।
এ ঘটনায় গত ১ মার্চ ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পাংশা মডেল থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে ১ মার্চ সকালে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ও ছাত্রীকে উদ্ধার করে।
রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাড. সাইফুল ইসলাম জানান, মামলায় অপহরণ ও ধর্ষণের দায়ে জামরুল ইসলাম মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে।