গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

রাজবাড়ীতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় ওই নারীর স্বামীকে আটক করেছে পু‌লিশ।

রোববার দিনগত রাতে বন‌্যা খাতুন নামের ওই নারীর মৃত্যু হয়। তিনি রামকান্তপুর ইউনিয়নের মা‌টিপাড়া গ্রা‌মের আব্দুর র‌শি‌দের স্ত্রী।

নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, অনেকদিন ধরেই ওই নারীর সাথে তার স্বামীর কলহ চল‌ছিলো। রোববারও তাদের মধ্যে বিতণ্ডা হয়। পরে রাতে তার স্বামী পরিবারের লোকজনকে ডেকে জানান, হুট করেই বন্যা কথা বলছে না। এরপর তাকে স্থানীয় রাজবাড়ী সদর হাসপা‌তালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর পু‌লিশ সুপার মোছা. শা‌মিমা পারভীন জানায়, নিহত নারীর শরীরের বি‌ভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।