সাবেক স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নারগানা এলাকায় ধানখেত থেকে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা মরদেহটি খেতের পানিতে ভাসতে দেখে থানায় জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

নিহত শাকিরিন আক্তার (২০) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নারগানা দক্ষিণপাড়া এলাকার হারুন মিয়ার মেয়ে। তিনি এক সন্তানের জননী।

পারিবারিক সূত্রে পুলিশ জানায়, প্রায় ৫ বছর আগে মুন্সিগঞ্জের বাসিন্দা সানির সঙ্গে বিয়ে হয় শাকিরিন আক্তারের। তাদের সাড়ে তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। একপর্যায়ে তাদের বিচ্ছেদ হয়। এরপর শাকিরিন আক্তার সিলেটের এক যুবককে বিয়ে করেন। প্রায় দুই মাস আগে তার সঙ্গেও ডিভোর্স হয় শাকিরিনের। এরপর তিনি বাবার বাড়িতে ছিলেন।

সম্প্রতি প্রথম স্বামী সানির সঙ্গে পুনরায় তার যোগাযোগ হয়। গত ২২ সেপ্টেম্বর সানির সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শাকিরিন আক্তার।

এ বিষয়ে তার বাবা কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। একপর্যায়ে বৃহস্পতিবার দুপুরে নারগানা এলাকায় ধানখেতে শাকিরিন আক্তারের অর্ধগলিত মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে  মর্গে পাঠায়।

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, লাশ থানায় নিয়ে আসার পর তা ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।