টোল প্লাজার সেই ঘটনায় ঘাতক বাসের মালিক গ্রেপ্তার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় ঘাতক বাসের মালিক ডাব্লিউ বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুরের শিবচর থেকে তাকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ।

ওই দুর্ঘটনায় নিহত আমেনা বেগমের ভাই নুরুল আমীন বাদী হয়ে শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। সেই মামলাতে বাস মালিককেও আসামি করা হয়।

এর আগে শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাসচালক নুরুন্নবীসহ দুইজনকে গ্রেপ্তার করে র‍্যাব ও হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া গণমাধ্যমকে জানিয়েছেন বাসটি দুর্ঘটনার আগের দিন গ্যারেজ থেকে বের করা হয়। কিন্তু ফিটনেস ছিল না। আর নেশাখোর ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সধারী চালক দিয়ে পরিবহনটি চালানো হয়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায় বেপারী পরিবহনের একটি বাস।

এতে প্রাইভেটকারে থাকা একই পরিবারের চার জন ও মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। আহত হয়েছেন আরো বেশ কয়েক জন।

নিহতরা হলেন- মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নন্দনকোনা গ্রামের বাসিন্দা ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের মালিক নুর আলমের স্ত্রী আমেনা আক্তার (৪০), তার বড় মেয়ে ইসরাত জাহান (২৪), ছোট মেয়ে রিহা মনি (১১), ইসরাত জাহানের ছেলে আইয়াজ হোসেন (২), মোটরসাইকেলের চালক সুমন মিয়ার স্ত্রী রেশমা আক্তার (২৬) ও তার ছেলে মো. আবদুল্লাহ (৭)।