ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা ও শুক্রবার (৩ জানুয়ারি) সকালে শ্রীনগরের হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানের নিমতলাতে থেমে থাকা মাওয়াগামী কাভার্ডভ্যানে পিছনে যাত্রীবাহী আব্দুল্লাহ পরিবহনের মিনিবাসের ধাক্কায় বাসের হেলপার জীবন শেখ ও যাত্রী মো. রায়হান নিহত হন। এ ঘটনায় আহত হন আরো অন্তত ১০ জন।
হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, সিরাজদিখানের নিমতলা এলাকার দুর্ঘটনায় কাভার্ডভ্যান ও বাসটি আমরা জব্দ করেছি, তবে বাসের চালক পালিয়ে গেছেন। ঘন কুয়াশা ও বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় ভোর পৌনে পাঁচটার দিকে পূর্বাশা পরিবহনের ঢাকাগামী একটি বাস পেছন থেকে আরেকটি যানবাহনকে ধাক্কা দেয়। এ সময় বাসচালকের সহকারী ও সুপারভাইজার গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ওই দুজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এর আগে গত শুক্রবার এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার সামনে বাস চাপায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের ছয় যাত্রী নিহত হয়।