একই কবরস্থান থেকে আবারও কঙ্কালের মাথার খুলি চুরি

মুন্সীগঞ্জে একটি কবরস্থান থেকে ছয়টি কঙ্কালের মাথার খুলি চুরির অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে জেলার শ্রীনগর উপজেলার পূর্ব বেজগাঁও কবরস্থান থেকে কঙ্কালের মাথার খুলি চুরির ঘটনা ঘটে।

কবরস্থানের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মসজিদের ইমাম সাহেব কবর জিয়ারত করতে এসে দেখের কবরগুলো খোঁড়া। খবর দিলে বেশ কয়েকজন মিলে সেখানে তল্লাশি চালিয়ে দেখা যায় কঙ্কাল থেকে মাথার খুলি চুরি হয়ে গেছে। পরে পুলিশে খবর দেওয়া হয়।

তিনি আরও জানান, এর তিন দিন আগে (বৃহস্পতিবার) কবর খুঁড়ে পাঁচটি মাথার খুলি চুরি হয়েছে।  

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তিনি মনে করেন, কবরস্থানের প্রাচীর না থাকায় চুরির ঘটনাগুলো ঘটছে। তবে চার দিনের মাথায় দুই বার একই কবরস্থান থেকে খুলি চুরির ঘটনাটি তারা গুরুত্বের সাথে দেখছেন।