গোপালগঞ্জে বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত দুই

ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি বাস আরেকটি বাসের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ যাত্রী। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার সাম্পান রেস্টুরেন্টের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সুপারভাইজার আরিফ ও চালক মন্টু।

পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ওই রেস্টুরেন্টের সামনে সোহাগ পরিবহনের একটি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের দুই শ্রমিক নিহত হয়। 

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে বলেও জানায় পুলিশ।