মুন্সীগঞ্জে মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বিকল একটি ট্রাকে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিয়েছে। এতে থেমে থাকা ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সহকারী।
শুক্রবার (২৮ শুক্রবার) সকাল সাড়ে ছয়টার দিকে জেলার লৌহজংয়ের খানবাড়ি অংশে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালকের নাম হাফিজুর রহমান। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঘড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। সহকারীর নাম আবুল কালাম। তাকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন জানান, বিকল ট্রাকের চালক ও সহকারী মহাসড়কের পাশে ট্রাকের চাকা ঠিক করার কাজ করছিলেন। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক তাদের ট্রাকে ধাক্কায় দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চালক নিহত হন।