ভ্যানে করে মরা মুরগির মাংস বিক্রি, বিক্রেতাকে জরিমানা

রাজবাড়ীতে ভ্যানে করে মরা মুরগি কেটে মাংস বিক্রি করায় একজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) দুপুরে জেলার কালুখালী উপজেলার রতনদিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই অসাধু বিক্রেতাকে আটক ও জরিমানা আদায় করা হয়।

আটক বিক্রেতার নাম মো. শাহ আলম (৩২)। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ঈশ্বরদী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ওই বিক্রেতা মরা মুরগি ঢাকা থেকে ৯০ টাকা কেজি দরে কিনে আনেন। পরে মুরগিগুলো কেটে ১৩০ টাকা কেজি দরে ভ্যানে করে বিক্রি করছিলেন।

কালুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ জানান, রমজান মাস উপলক্ষে কালুখালীতে নিয়মিত অভিযান চলছে। রতনদিয়া বাজারে মরা মুরগির মাংস বিক্রি হচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। 

অভিযানে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন ওই মাংস পরীক্ষা করে মরা মুরগি বলে নিশ্চিত হন। একই সঙ্গে বিক্রেতা দোষ স্বীকার করেন। 

শামস সাদাত মাহমুদ উল্লাহ আরও জানান, জব্দ করা ১০০ কেজি মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে। আর আটক বিক্রেতাকে এ ধরণের কাজ আর না করার শর্তে ছেড়ে দেওয়া হয়েছে। 

অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেনেটারি ইন্সপেক্টর তোবারক দেওয়ান ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।