মুন্সীগঞ্জে শিগগিরই সরকারি মেডিক্যাল কলেজের নির্মাণ শুরু: উপদেষ্টা

মুন্সীগঞ্জে শিগগিরই একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও জানান, সদরের মুক্তারপুর থেকে শ্রীনগরের ছনবাড়ী পর্যন্ত ফোর লেন সড়ক নির্মাণের কাজও হাতে নেওয়া হবে।  

সোমবার (৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে চলমান ও পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন নিয়ে তিন জন উপদেষ্টা ও ছয় জন সচিবের সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।  

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। এসময় শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং অর্থ মন্ত্রণালয়ের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনসহ ছয়টি মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন। সভায় আরও উপস্থিত ছিলেন- নৌ বাহিনীর প্রধান এডমিরাল মো. নাজমুল হাসান। 

জেলা প্রশাসনের সূত্র জানায়, সভায় মুন্সীগঞ্জ জেলায় সরকারি মেডিক্যাল কলেজ স্থাপন, সড়ক ও জনপদ বিভাগের রাস্তা ঘাট উন্নয়ন, মুন্সীগঞ্জের রাস্তা সংক্রান্ত প্রকল্প ও কাটাখালি খাল উন্নয়ন প্রকল্পসহ উন্নয়ন সংক্রান্ত অন্য বিষয়ে আলোচনা হয়েছে। 

সভায় মুন্সীগঞ্জ জেলার প্রত্নতাত্ত্বিক ও দর্শনীয় স্থানসমূহ নিয়ে প্রণীত প্রত্নকথা নামের একটি ভ্রমণ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।