কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ধারালো অস্ত্র ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে- চেকোস্লোভাকিয়া নির্মিত একটি রাইফেল, একটি বিদেশি শটগান, একটি ‌বি‌দেশি ছুরি ও এক‌টি ম্যাগজিন। 

সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সদরের আড়াইওরা এলাকায় সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সমন্বিত অভিযানে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর অধিনায়ক ও উপ প‌রিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, ওই এলাকায় আওয়ামী লীগ নেতা ওমর ফারুক মুন্নার বাড়ি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। তবে এসময় তাকে পাওয়া যায়নি। 

তিনি জানান, মুন্না দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে রাজনৈতিক পরিচয়ে প্রভাব বিস্তারসহ  নানা অপরাধে যুক্ত বলে অভিযোগ রয়েছে।

অস্ত্রগুলো কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।