সাভারের আশুলিয়ায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়েছে র্যাব-৪। এসময় একটি ফ্ল্যাটের শোবার ঘরে খাটের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে জেলার আশুলিয়া থানার জামগড়া ইস্টার্ন হাউজিং এলাকায় একটি তিনতলা ভবনের ফ্ল্যাট থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
আটক যুবকের নাম মো. মাসুদ। তিনি পাবনা জেলার বেড়া থানার হাটুরিয়া গ্রামের বাসিন্দা।
র্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, গোপন খবরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় আগ্নেয়াস্ত্র, বেশ কিছু দেশীয় অস্ত্রসহ মাসুদ নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়। আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তিনি সন্ত্রাসী কার্যক্রম করার জন্য নিজ হেফাজতে অস্ত্র রেখেছিলেন। তার বিরুদ্ধে প্রচলিত অস্ত্র আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।