ফরিদপুরে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত পাঁচ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুর্দী বাবলাতলা স্ট্যান্ডে দ্রুতগামী বাসের সঙ্গে মাহেন্দ্রের সংঘর্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।

বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ফরিদপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. শাহিনুর আলম খান জানান, সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা টেকেরহাটগামী একটি মাহেন্দ্রকে বরিশাল থেকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দিলে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মাহেন্দ্র যাত্রীদের মধ্যে কয়েক জন ঘটনাস্থলেই মারা যান।

নিহতরা হলেন -ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের লতিফ মাতুব্বরের ছেলে মিজানুর মাতুব্বর (৫০), মাদারীপুর জেলার শিবচর থানার ইব্রাহীম সর্দার (৭০) ও তার ছেলে মনির সর্দার (৪০), একই এলাকার বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫০) ও অজ্ঞাত (৪৫)।

নিহতদের সবাই থ্রি-হুইলার ওই মাহেন্দ্রেয় চড়ে টেকেরহাট গরুর হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন।