জামায়াতের সমাবেশে আসার পথে দুর্ঘটনা, দুই মৃত্যু

ঢাকায় জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের উদ্দেশে ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ওই বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেক জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মডেল মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাঈদ (৫২) ও মোহাম্মদ আমানত শেখ (৫৫)। আমানত খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা এলাকার মো. ইসমাইল শেখের ছেলে। দুর্ঘটনার পর তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে সকালে তার মৃত্যু হয়। 

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানান, বাসটির যাত্রীরা ওই মসজিদের সামনে যাত্রাবিরতি দিয়ে চা পান করছিলেন তারা। এ সময় বাসের খুলে যাওয়া ব্যানার লাগানোর সময় পেছন থেকে রয়্যাল পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মাওলানা আবু সাঈদ নিহত হন। পরে রয়্যালের বাসটি দ্রুত পালিয়ে যায়।