রাজবাড়ীতে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সেয়া ৯টার দিকে জেলার গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুরের মধুখালী উপজেলার জাননগর গ্রামের সঞ্জয় মণ্ডল (২৫) ও তার স্ত্রী শ্রাবণী ভাদুড়ী (২১)।
স্থানীয়রা জানান, তারা বাইকে করে ঢাকা থেকে ফরিদপুরের মধুখালী যাচ্ছিলেন। ওই এলাকায় এলে দ্রুতগতির কোনো যানবাহনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শ্রাবণীর মৃত্যু হয়। স্থানীয়রা সঞ্জয়কে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ, সেখান থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ নেয়। তারপর ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা শামিম শেখ জানান, যে গাড়ির সঙ্গে তাদের ধাক্কা লেগেছিলো সেটি সনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।