পতিত ফ্যাসিবাদ বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে: শামা ওবায়েদ

পতিত ফ্যাসিবাদ বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে উল্লেখ করে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, তারা দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের  বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করতে পারে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। সবাইকে সু-সংগঠিত থেকে যে কোনো অপচেষ্টার মোকাবেলা করতে হবে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ফরিদপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, ফরিদপুর জেলা শাখার আয়োজনে আয়োজনে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি স্থানীয় বিএনপির নেতাকর্মীদেরও সজাগ থাকার আহবান জানিয়ে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় কমিটি গঠন করে সনাতন সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার আহবান জানান। 

জেলার নগরকান্দা উপজেলার লস্করদিয়ায়, ফরিদপুর  জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কুমার করের সভাপতিত্বে নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল আলম মুকুলসহ পূজা উদ্যাপন ফ্রন্টের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।