রাজবাড়ীতে ১৬ জেলের ১৫ দিনের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ ধরার অপরাধে ১৬ জেলেকে আটকের পর ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ অক্টোবর) দিনগত রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১৬ জেলেকে আটক করে মৎস্য বিভাগ। এ সময় জব্দ করা হয় পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ মাছ।

পরে বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর সহকারী ম্যাজিস্ট্রেট (এনডিসি) সাদ আহম্মেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে পনের দিন করে কারাদণ্ড দেন।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুব উল হক বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় সরকারিভাবে নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞার এই সময়ে ইলিশ ধরা-পরিবহন করা ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে।

তিনি আরো বলেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হয়েছে। আর ইলিশ মাছগুলো এতিমখানায় প্রদান এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।