যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির বাড়িতে ডিসি ও ইউএনও, পাশে থাকার আশ্বাস

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর এলাকায় বৃষ্টির বাড়িতে যান জেলা প্রশাসক মর্জিনা আক্তার এবং সদর ইউএনও ওয়াদিয়া শাবাব। তারা সেখানে বৃষ্টির স্বজনদের সঙ্গে কথা বলেন এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় বৃষ্টির চাচা দানিয়াল আকন, হেদায়েত আকন, ওবায়দুর আকন, খোয়াজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন বর্তমানে ঢাকায় অবস্থান করায় জেলা প্রশাসক মুঠোফোনে তার সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।

জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, যুক্তরাষ্ট্রে নৃশংসভাবে হত্যার শিকার বৃষ্টির ঘটনাটি আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক। বৃষ্টি আমাদেরই সন্তান। পরিবারটির পাশে আছি—এই বার্তা দিতেই আমরা এসেছি। বৃষ্টির ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র যেন তার পরিবার ফেরত পায়, সে বিষয়টিও প্রশাসন গুরুত্ব দিয়ে দেখছে। কারণ, এসব স্মৃতিই পরিবারের কাছে শেষ অবলম্বন হয়ে থাকবে।

পরিবার জানিয়েছে, উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় সম্প্রতি ফ্লোরিডায় হামলার শিকার হন নাহিদা সুলতানা বৃষ্টি। তার এমন অকাল ও নৃশংস মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে আইনি প্রক্রিয়া ও আনুষঙ্গিক বিষয়ে সহযোগিতার কথা জানানো হয়েছে।