পদ্মা-যমুনার মোহনায় ধরা বিশাল পাঙাশ, ২৮৫০ টাকা কেজি দরে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের জালে ২৫ কেজি ওজনের বিশাল একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মাঝামাঝি এলাকায় পদ্মা-যমুনার মোহনায় জেলে এরশাদ হলদারের জালে মাছটি ধরা পড়ে। পরে সকালে মাছটি ৭১ হাজার ২৫০ টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ভোরে এরশাদ হলদার তার সহযোগীদের নিয়ে নদীতে জাল ফেলেন। ভোর পাঁচটার দিকে জালে জোরে টান পড়লে তারা বুঝতে পারেন বড়ো কোনো মাছ ধরা পড়েছে। জাল তোলার পর দেখা যায়, বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ ছটফট করছে।

পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাজারের রেজাউল মণ্ডলের আড়তে নেওয়া হয়। সেখানে ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন ২৫ কেজি। এরপর উন্মুক্ত নিলামের মাধ্যমে দুই হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৭০ হাজার টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর বড়ো পাঙাশের ব্যাপক চাহিদা রয়েছে। তাই বেশি দাম দিয়ে মাছটি কিনি। পরে মোবাইলে যোগাযোগ করে কুষ্টিয়ার পোড়াদহ এলাকার এক শিল্পপতির কাছে প্রতি কেজিতে ৫০ টাকা লাভ রেখে মোট ৭১ হাজার ২৫০ টাকায় মাছটি বিক্রি করেছি। মাছটি বিশেষ ব্যবস্থায় ক্রেতার ঠিকানায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।