রাজবাড়ীতে বজ্রপাতে ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

রাজবাড়ীতে বজ্রপাতে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে সাড়ে চারটার দিকে জেলার সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম বন্যা (৩০)। তিনি ওই গ্রামের নুরুল হকের স্ত্রী।

তার পরিবার জানায়, বিকেলে এলাকায় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় রান্না করার খড়ি ভিজে যাওয়া থেকে রক্ষা করতে বাড়ির উঠানে যান বন্যা। সেখানে কাজ করার সময় হঠাৎ তার ওপর বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। 

খানখানাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম ইকবাল হোসেন বজ্রপাতে ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।