ফরিদপুরের যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ডে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই এলাকায় ভাঙ্গা থেকে ফরিদপুরগামী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হেলালউদ্দিন সাংবাদিকদের জানান, দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নাম-ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে।