শোলাকিয়ায় ঈদ জামাতের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে আসন্ন পবিত্র ঈদুল আজহার প্রধান ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বুধবার (২৭ মে) থেকে সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির পাশাপাশি পুলিশ, র‍্যাবসহ অন্য বাহিনীও মাঠের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত থাকবে।

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় সৃষ্টিসহ নিরলসভাবে দায়িত্ব পালন করবে।

৩১ বিজিবির সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে এই দুই প্লাটুন বিজিবি সদস্য শোলাকিয়া ঈদগাহে নিরাপত্তা ও টহলের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

এ বছর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এবারও জামাতে লাখো মুসল্লির সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের ঈদ জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মুহাম্মদ সাইফুল্লাহ। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টায় এই জামাত শুরু হবে।