মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) বিকেলে মাদারীপুর সদর উপজেলার শকুনি এলাকায় এই অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী।
দণ্ডিতরা হলেন—সদর উপজেলার শকুনি এলাকার হাবিবুল্লাহ এবং একই এলাকার শামিম হাওলাদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার শকুনি এলাকায় অবস্থিত ‘জেএস মার্কেটিং ফিডিং’ নামের একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মানহীন ও ভেজাল বিভিন্ন খাদ্যসামগ্রী বাজারজাত করা হচ্ছে—এমন গোপন খবরে বিকেলে সেখানে অভিযান চালায় প্রশাসন। অভিযানকালে বিপুল পরিমাণ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ভোগ্যপণ্যসহ হাবিবুল্লাহ ও শামিমকে হাতেনাতে আটক করা হয়।
জব্দ পণ্যের মধ্যে রয়েছে—ভোজ্যতেল, ডাল, চিনি, সাবানের গুঁড়া, ডিশ ওয়াশিং বার ও পোলাওয়ের চালসহ বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। পরে জব্দ এসব ক্ষতিকর ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক জুয়েলকে আটক করার এবং অবৈধ পণ্যের গোডাউনটি সিলগালা বা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী জানান, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য উৎপাদন, মজুত ও বাজারজাতকারীদের বিরুদ্ধে প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসন নিয়মিত এ ধরনের তদারকি ও অভিযান পরিচালনা করবে।