রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির সঙ্গে বাস-অটোর সংঘর্ষ, নিহত দুই

রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে এক দুর্ঘটনায় তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় নিহত হয়েছেন দুইজন। এ ঘটনায় একটি যাত্রীবাহী বাস, অটোরিকশা ও মাহিন্দ্রা দুমড়ে-মুচড়ে গিয়ে আহত হয়েছেন অন্তত ছয়জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-কুষ্টিয়া মহাসড়কের খানখানাপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন পাটোয়ারি এবং বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামের মইনউদ্দিন শেখের ছেলে মালেক শেখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ীগামী একটি তেলবাহী ট্রেন রাত সাড়ে আটটার দিকে খানখানাপুর রেলগেট অতিক্রম করছিলো। এ সময় চলন্ত ট্রেনের পেছনের পাঁচটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে ইঞ্জিনসহ সামনের অংশ রেলগেট পার হয়ে যাওয়ায় গেটম্যান লাইন ফাঁকা ভেবে ব্যারিয়ার তুলে দেন। তখনই লাইনের ওপর উঠে পড়ে একটি যাত্রীবাহী বাস, অটোরিকশা ও মাহিন্দ্রা। পেছনে থাকা বিচ্ছিন্ন বগিগুলো দ্রুত গতিতে এসে যানবাহনগুলোকে সজোরে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি ছিটকে রেললাইনের পাশের খাদে পড়ে যায়।

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ জানান, খবর পেয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। গুরুতর আহত আটজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পথে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

দুর্ঘটনার বিষয়ে রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, কীভাবে বগি বিচ্ছিন্ন হলো তা তদন্ত করে ব্যবস্থা নিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে বর্তমানে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।