অটোরিকশা ছিনতাই করছিলেন দুই নারী, জনতার হাতে ধরা

নারায়ণগঞ্জে কৌশলে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় মলম পার্টি চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৭ জুলাই) রাতে জেলার রূপগঞ্জ উপজেলার পশ্চিমগাঁও এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার তালতলা এলাকার নূপুর আক্তার ও একই এলাকার জান্নাত।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার দিকে রূপগঞ্জের ভুলতা বাসস্ট্যান্ড এলাকা থেকে মলম পার্টি চক্রের দুই পুরুষ ও দুই নারী সদস্য যাত্রীবেশে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া নেন। অটোরিকশা নিয়ে তারা পশ্চিমগাঁও এলাকার উদ্দেশে রওনা হন। রাত সাড়ে আটটার দিকে অটোরিকশাটি পশ্চিমগাঁও এলাকার কাছাকাছি পৌঁছালে তারা পানি খাওয়ার কথা বলে গাড়িটি থামান।

এ সময় কৌশলে অটোরিকশাচালক উজ্জ্বলকে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে পান করানো হয়। এতে চালক অজ্ঞান হয়ে পড়লে আসামিরা তাকে সড়কের পাশে ফেলে রেখে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন এগিয়ে এসে নূপুর আক্তার ও জান্নাতকে হাতেনাতে ধরে ফেলেন। তবে চক্রের অন্য দুই পুরুষ সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় বাসিন্দারা আটক দুই নারীকে পুলিশে সোপর্দ করেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় চালকের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। চক্রের অপর পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।