নতুন বাইক কেনার তিন দিনের মাথায় বাস চাপায় প্রাণ গেলো তরুণের

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকার গোলচত্বরে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের কাউছার আহমেদ রাতুল (১৭) এবং তার বন্ধু মো. রাজু (২০)।

নিহত কাউছারের পরিবার সূত্রে জানা গেছে, মাত্র তিন দিন আগে বাবা-মা তাকে নতুন একটি মোটরসাইকেল কিনে দিয়েছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস যাত্রাপথে কাউছারের মোটরসাইকেলটিকে সজোড়ে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা কাউছার ও তার বন্ধু রাজু গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। পরে ঢাকা নিয়ে যাওয়ার পথেই মারা যান তারা।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। বাস ও দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।