নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। একই সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচনগুলোকে ভুয়া আখ্যা দিয়ে তিনি বলেছেন, আওয়ামী লীগ বিগত চার নির্বাচনে মৃত মানুষের ভোটও নিজেরা দিয়েছিলো। এমনকি যারা ভোট দিতে যাননি, তাদের ভোটও দলটির পক্ষে সিল মেরে দেওয়া হয়েছিলো।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
ড. মঈন খান জোর দিয়ে বলেন, বিএনপি একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনে প্রতিজ্ঞাবদ্ধ। প্রধানমন্ত্রী দেশের মানুষকে একটি চমৎকার স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করছেন। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও উপজেলা পরিষদ—প্রতিটি স্তরে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে কার্যকর ও শক্তিশালী করা হবে।
রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি কেবল ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের কল্যাণে কাজ করে। প্রধানমন্ত্রী বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রাজনীতি ও কূটনীতি পরিচালনা করছেন, যার প্রত্যক্ষ সুফল ভোগ করবে দেশের ১৮ কোটি মানুষ।
পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং শ্রমিক দলের সভাপতি আলামিন ভূঁইয়াসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।