গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু হলে নিহতের সবশেষ এই সংখ্যা দাঁড়িয়েছে।
নিহতদের মধ্যে আশাদুল ইসলাম নামের এক কিশোরের পরিচয় পাওয়া গেছে। সে কালিয়াকৈর উপজেলার বংখুরী এলাকার প্রবাসী হাসেম মিয়ার ছেলে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত অন্য দুই যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চালকসহ পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কালিয়াকৈরের দিকে আসছিল। অটোরিকশাটি কাঞ্চনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে অটোরিকশার ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করেন। এছাড়া গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আরও এক কিশোরকে মৃত ঘোষণা করেন।
ওসি শহিদুল ইসলাম আরও জানান, খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ কাভার্ড ভ্যান ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করেছে। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তকরণসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।