কেরানীগঞ্জে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চাঁদাবাজির অভিযোগ

কেরানীগঞ্জে সেলুনে চুল কাটার সময় এক তরুণ মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি স্বজনদের।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জের আরশীনগর এলাকার ‘রাজ সেলুন’-এ এই ঘটনা ঘটে।

নিহতের নাম ফরহাদ হোসেন (২৫)। তিনি ফরহাদ ভোলা জেলার দুলারহাট উপজেলার নূরাবাদ গ্রামের ফারুক হোসেনের ছেলে। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের আরশীনগরের মেম্বার গলি এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নিজ বাসার অদূরে আরশীনগরের ওই সেলুনে চুল কাটতে যান ফরহাদ। এ সময় ‘অ্যালেক্স গ্রুপ’ নামের একটি কিশোর গ্যাংয়ের ১০ থেকে ১৫ জন সশস্ত্র সদস্য সেখানে হামলা চালায়। গ্রুপের সন্ত্রাসী সাব্বির ও আরমানের নেতৃত্বে তারা ফরহাদকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে সাড়ে চারটায় ঢাকা মেডিক্যার কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু আরিফ জানান, ফরহাদ মোহাম্মদপুর মহিরগোলা এলাকায় ফুটপাতে মাছের ব্যবসা করতেন। দীর্ঘদিন ধরে স্থানীয় ‘অ্যালেক্স গ্রুপ’-এর আরমান, সোহেল, কাল্লু ও সাব্বিরসহ ১০-১৫ জনের একদল কিশোর সন্ত্রাসী তার কাছে ৫০ হাজার টাকা এককালীন চাঁদা দাবি করে আসছিলো। পাশাপাশি প্রতিদিনের জন্য আলাদা চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকিও দেওয়া হতো।

নিহতের পরিবার জানায়, চাঁদা দিতে অস্বীকৃতি জানানো এবং ফুটপাতে দোকান বসানো নিয়ে ওই গ্যাংয়ের সঙ্গে ফরহাদের বেশ কিছু দিন ধরে বিরোধ চলছিরো। সেই বিরোধের জেরে পরিকল্পিতভাবে সেলুনের ভেতর ঢুকে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।