রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মোট আটটি ইউনিট।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটে নারিকেল বাগ এলাকার ‘আমান প্লাস্টিক কারখানায়’ আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট দুপুর ১২টা ৩২ মিনিটে দুর্ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথমে পাঁচটি ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি বিবেচনায় ও আগুনের তীব্রতা বাড়তে থাকায় সহযোগিতার জন্য আরও তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়েছে। বর্তমানে সর্বমোট আটটি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো বিবরণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
