ভৈরবে প্রবাসীর হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ, পরিকল্পিত হত্যা দাবি

কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের নয়াহাটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহতের নাম রুকনুজ্জামান (২৮)। তিনি ওই গ্রামের সাত্তার মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, প্রায় তিন বছর সিঙ্গাপুরে কাটিয়ে গত মাসে দুই মাসের ছুটিতে দেশে ফেরেন রুকনুজ্জামান। ছুটি শেষে আর কিছুদিন পরেই তার আবার প্রবাসে ফিরে যাওয়ার কথা ছিলো। এর মধ্যে বন্ধুদের সঙ্গে কক্সবাজার ভ্রমণের পরিকল্পনা করেন তিনি। ভ্রমণের উদ্দেশে সোমবার বাজার থেকে নতুন জামাকাপড়ও কিনে আনেন। কথা ছিলো মঙ্গলবার সকালেই বন্ধুদের সঙ্গে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন।

তবে স্বজনদের অভিযোগ, সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে। পরে লাশ আড়াল বা আলামত নষ্ট করতে হাত-পা বেঁধে বাড়ির পাশের একটি জামগাছে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে ভৈরব থানা-পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

ভৈরব থানার পরিদর্শক মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশে এ ঘটনা ঘটানো হয়েছে, তা উদঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।