গাইবান্ধায় ঘরের বিছানা থেকে মা ও পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত নারীর স্বামীর দ্বিতীয় স্ত্রীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে জেলার সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়ি গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- ওই গ্রামের আব্দুর রাজ্জাক বাবুর স্ত্রী আঁখি বেগম (৩৫) ও ছেলে আদিল (৫)। আব্দুর রাজ্জাক বাংলাদেশ রেলওয়েতে কর্মরত রয়েছেন।
স্থানীয়রা ও স্বজনরা জানায়, মঙ্গলবার বিকেলে আঁখি বেগমের মেয়ে রেজোয়ানা নানারবাড়ি থেকে নিজেদের বাড়িতে এসে ঘরের দরজা খোলা দেখতে পায়। পরে ঘরে ঢুকে বিছানার ওপর মা ও ছোট ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। এ সময় আঁখি বেগমের নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে আব্দুর রাজ্জাক বাবুর দ্বিতীয় স্ত্রী শাহীনা বেগমকে (২৮) আটক করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
