সাভারের আশুলিয়ায় চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছয়জনকে নির্মমভাবে পুড়িয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত বহুল আলোচিত সেই পুলিশ ভ্যানটির সন্ধান পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) একটি জমি উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গিয়ে দীর্ঘ দিন ধরে আড়ালে পড়ে থাকা গাড়িটির সন্ধান মেলে।
এদিন সকালে বাইপাইল ত্রিমোড় এলাকায় আশুলিয়া রাজস্ব সার্কেলের (ভূমি) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল্লাহ আকনের নেতৃত্বে জমি উদ্ধার অভিযান চালানো হয়। অভিযানকালে সেখানে অবস্থিত পুলিশের অস্থায়ী ডাম্পিং স্টেশন খালি করতে গেলে পোড়া ভ্যানটি উন্মোচিত হয়।
গাড়ি উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী আন্দোলনের ‘জুলাই যোদ্ধা’ ও স্থানীয় সাধারণ মানুষ বাইপাইল এলাকায় জড়ো হতে শুরু করেন। তারা গাড়িটিকে জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক সাক্ষী ও নির্মমতার স্মারক হিসেবে সংরক্ষণের দাবি জানান।
ঘটনাস্থলে উপস্থিত আন্দোলনকারী আবিদুল আফিফ বলেন, আশুলিয়া থানার সামনে পাঁচ আগস্ট আমাদের ছয়জন ভাইকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিলো, যার মধ্যে একজন জীবিত অবস্থায় ছিলেন। ঘটনার পর থেকেই আমরা এই গাড়িটির খোঁজ করছিলাম। আমাদের দাবি, আশুলিয়ার এই নির্মমতার স্মৃতি এবং পুলিশের নারকীয়তার স্মারক হিসেবে ভ্যানটিকে অবিলম্বে ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণ করা হোক।
অন্য এক আন্দোলনকারী ফয়সাল হোসেন ফাল্গুন বলেন, এই গাড়িটি আমাদের শহীদ ভাইদের রক্ত ও ত্যাগের এক নির্মম সাক্ষ্য বহন করছে। এটি ডাম্পিংয়ে ফেলে না রেখে জাদুঘরে সংরক্ষণ করাই যুক্তিসঙ্গত।
বিষয়টি নিয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও আশুলিয়া থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ত। ক্ষণিক তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে উচ্ছেদ অভিযানে নিরাপত্তার দায়িত্বে থাকা ঢাকা জেলার অফিসার ইনচার্জ (রিজার্ভ ফোর্স) শহিদুল বলেন, গাড়িটি তো এভাবে সাধারণ নিয়মে দিয়ে দেওয়া সম্ভব নয়। এটি মামলার একটি গুরুত্বপূর্ণ আলামত। এটি হস্তান্তর করতে হলে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন এবং আদালতের স্পষ্ট নির্দেশনার প্রয়োজন হবে। সিদ্ধান্ত না আসা পর্যন্ত আইনি প্রক্রিয়া মেনেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
চব্বিশের পাঁচ আগস্ট আশুলিয়া থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ এবং পরে নিহত ও আহত ব্যক্তিদের একটি পুলিশ ভ্যানে তুলে আগুন ধরিয়ে দেওয়ার নির্মম ঘটনা ঘটে। উদ্ধার হওয়া এই পোড়া ভ্যানটিকে কেন্দ্র করে এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।