সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতভর সাভারের আমিনবাজার, মুন্সিগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মামলার প্রধান আসামি জহুরুলকে ১০ দিনের এবং বাকি আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে প্রথমেই প্রধান আসামি জহুরুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরবর্তীতে রোববার রাতে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), সাভার থানা পুলিশ এবং র্যাবের একাধিক দল আমিনবাজার, মুন্সিগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ জনকে আটক করে। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে এসআই আলতাফ হত্যায় আটজনের সরাসরি সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়। আটক অপর দুজনের সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, চাঞ্চল্যকর এই হত্যা মামলায় পুলিশ ও র্যাবের অভিযানে মোট ৯ জনের সংশ্লিষ্টতা নিশ্চিত হয়ে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। অপরাধীদের বিষয়ে জিজ্ঞাসাবাদ ও সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে।
