রূপগঞ্জে গোডাউনে তুলে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার তিন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে ধর্ষণের শিকার কিশোরীকে।

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গন্ধর্বপুর এলাকার একটি গোডাউনে এই ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তার যুবকেরা হলো—রূপগঞ্জের গন্ধর্বপুর এলাকার নাদিম, সিহাব এবং ইমন।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে রূপগঞ্জের মৈকুলী এলাকা থেকে ওই কিশোরী তার বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে পূর্বাচলে বেড়াতে যায়। রাত সাড়ে ১১টার দিকে তারা বাড়ি ফিরছিরো। পথে রূপগঞ্জের গন্ধর্বপুর এলাকায় পৌঁছালে পূর্বপরিচিত ইমন, নাদিম ও সিহাব তাদের মোটরসাইকেলের গতি রোধ করে। অভিযুক্তরা তাদের জোর করে স্থানীয় একটি গোডাউনে নিয়ে যায়।

সেখানে বন্ধুকে একটি কক্ষে আটকে রেখে কিশোরীকে তিন যুবক পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে অভিযুক্তরা আটকে রাখা তরুণকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। কৌশলে ওই স্থান থেকে বের হয়ে সেই তরুণ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চায়। তথ্য পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত নাদিম, সিহাব ও ইমনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন জানান, ৯৯৯ থেকে ফোন পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) গ্রেপ্তার আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।