২১ ইউনিটের সাড়ে চার ঘণ্টার চেষ্টায় ড্রাগের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪ অক্টোবর) দুপুর একটা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরিন জুনায়েদ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।

ডিজি জানান, কারখানার চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। কারখানাটিতে পর্যাপ্ত পরিমাণে কেমিক্যাল ও অ্যালুমিনিয়ামজাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন খুব দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে দ্বিতীয় ও চতুর্থ তলার ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি।

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন। তবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানিয়েছেন, শেষ খবর পাওয়া পর্যন্ত এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ উৎপাদনকারী কারখানায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভানোর সহযোগিতা করে সেনাবাহিনী ও বিজিবি।