করটিয়ায় গরুবাহী পিকআপে মাইক্রোবাস নিয়ে ডাকাতের হানা

টাঙ্গাইল জেলার সদর থানাধীন করটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী একটি পিকআপে ডাকাতির চেষ্টাকালে ৯টি গরুসহ পিকআপটি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় ৩৪টি মামলার এক চিহ্নিত আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (মিডিয়া) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মিজান (৫০)। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতি, হত্যা ও অন্য গুরুতর অপরাধের মোট ৩৪টি মামলা রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে মধুপুর (এলেঙ্গা) মহাসড়কে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে পাঁচ থেকে ছয়জনের একটি ডাকাত দল করটিয়ার খুদিরামপুর এলাকায় পৌঁছায়। এ সময় তারা ঢাকাগামী একটি নীল রঙের গরুবাহী পিকআপের (ঢাকা মেট্রো-ন ২২-০৫৫৯) গতি রোধ করে ডাকাতির চেষ্টা চালায়।

ডাকাত দল পিকআপে থাকা চার ব্যক্তির মধ্যে তিনজনকে নিচে নামিয়ে দেয় এবং অপর একজনকে নামানোর জন্য মারমুখী হয়ে ধস্তস্তি করতে থাকে। ঠিক সেই মুহূর্তে মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মো. মিজানকে গ্রেপ্তার করা হয়। তবে ডাকাত দলের বাকি সদস্যরা মাইক্রোবাসে করে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে ঘটনাস্থল থেকে ৯টি গরুসহ পিকআপটি জব্দ করা হয়। পলাতক অন্য ডাকাত সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।