কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত এক

রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এই আগুনের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।

তিনি জানান, ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর দুপুর দুইটার দিকে ‘আমান প্লাস্টিক কারখানার’ আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে নারিকেল বাগ এলাকার ওই প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পেয়ে প্রাথমিক পর্যায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি থাকায় পরে আরও দুটি ইউনিট সেখানে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং এতে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।