মুন্সীগঞ্জে ছয় বছরের শিশুকন্যা ও তার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রামের একটি ইটভাটার পাশের পরিত্যক্ত জমি থেকে শিশু তওবার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, বুধবার (২৮ অক্টোবর) বিকেলে দাদার সঙ্গে দেখা করে বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্তের হামলার শিকার হয় তওবা ও তার বাবা গোলাপ হোসেন। দুর্বৃত্তরা তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই মারা যায় শিশুকন্যা তওবা। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় গোলাপ হোসেনকে উদ্ধার করে ঢাকার কেরানীগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, প্রাথমিকভাবে জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ পর্যন্ত চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। জোড়া খুনের এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।