আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, অযৌক্তিক ‘ব্ল্যাকলিস্টিং’ বন্ধ এবং ছাঁটাই তৈরি পোশাক শ্রমিকদের পুনর্বাসনের দাবিতে গাজীপুরের পর এবার রণক্ষেত্রে পরিণত হয়েছে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই আন্দোলনে শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘাতের ঘটনা ঘটেছে। এতে ৬ জন পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

সহিংসতা ও সংঘাতের তীব্রতা বৃদ্ধির মুখে আশুলিয়ার কাঠগড়া, জিরাব, নরসিংহপুর ও আমতলাসহ আশপাশের এলাকার ২৫টি তৈরি পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। কারখানায় ভাঙচুর ও অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই আগাম সতর্কতামূলক সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেই দুপুরের দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত ‘নিউ এইজ’ কারখানার সামনে থেকে তিনটি হাতবোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ফয়সাল ইসলাম জানান, শ্রমিকদের আন্দোলনের সুযোগে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করতে কে বা কারা হাতবোমা সদৃশ বস্তুগুলো ফেলে গেছে বা বহন করে এনেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ শুরু করেছে।

তিনি আরও জানান, সংঘর্ষের সময় বিক্ষোভকারীদের ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশের সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলজুড়ে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।