নরসিংদীতে আলোচিত হত্যা মামলার প্রধান আসামি এবং ‘আবু লাল গ্রুপের’ প্রধান আবু লালকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে নরসিংদী মডেল থানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আশিকুর রহমান।
সাংবাদিক সম্মেলনে পুলিশ জানায়, নরসিংদী মডেল থানায় দায়ের করা একটি হত্যা মামলার প্রধান আসামি আবু লাল ঘটনার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তাকে আইনের আওতায় আনতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও নরসিংদী মডেল থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়।
অভিযানের অংশ হিসেবে নরসিংদীর পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, সদর থানা এবং ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালায়। পরবর্তীতে গোপন খবরে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আবু লালের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ছয় নভেম্বর দিবাগত রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটে নরসিংদী মডেল থানাধীন ঘাটাইল এলাকার নিজ বসতঘরসংলগ্ন রান্নাঘরের টিনের চালার নিচে প্লাস্টিকের সিলিংয়ের ওপর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গত দুিই অক্টোবর সংঘটিত আবদুল্লাহ ওরফে বাবু হত্যাকাণ্ডে এই বিদেশি পিস্তলটি ব্যবহার করা হয়েছিল বলে পুলিশ নিশ্চিত করেছে।