মানিকগঞ্জে বাসে আগুন, দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আটক ১০

মানিকগঞ্জে পার্কিং করা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ও টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব নাশকতামূলক ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আটকদের মধ্যে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ ছয়জন, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দুইজন, সিংগাইর থানা-পুলিশ একজন এবং দৌলতপুর থানা-পুলিশ একজনকে আটক করেছে।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ নাশকতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়ের সামনে, পুলিশ সুপারের বাসভবন এলাকা, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি, ঘিওর বাসস্ট্যান্ড এবং ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া, ধলেশ্বরী সেতু, জাগীর সবজির আড়ত ও নয়াদিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটে।

এছাড়া সাটুরিয়া, শিবালয় ও সিংগাইরের বিভিন্ন স্থানে সড়কে টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ বক্সের সামনে পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এক রাতে জেলাজুড়ে এমন ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, নাশকতার ঘটনাগুলোর সঠিক তদন্ত এবং জড়িত অন্য আসামিদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।