মানিকগঞ্জের সিঙ্গাইরে জমিজমা নিয়ে বিরোধের জেরে তিন ভাইকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
পাশাপাশি মামলার অপর ৭ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হলেন সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের জিয়ার উদ্দিন, জাহিদুল ইসলাম, আব্দুর রশিদ, জসিম ও সিদ্দিক মিয়া।
যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আট আসামি হলেন একই এলাকার জহির উদ্দিন, আজিজুল, উজ্জ্বল, সামসুল হক, সালাউদ্দিন, মাজেদ মিয়া, মনন ও স্বপন।
আদালত ও মামলার নথিসূত্রে জানা যায়, সিংগাইর উপজেলার গোবিন্দল উত্তরপাড়া গ্রামের রহিম মোল্লার ছেলে আজিজ মোল্লা এবং তাঁর চাচাতো ভাই করিম মোল্লা ও টেটুল মোল্লার সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।
এই শত্রুতার জেরে ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি সকাল ৭টার দিকে আসামিরা আজিজ মোল্লাসহ ওই তিন ভাইকে কৌশলে বাড়িতে ডেকে নেন। এরপর সংঘবদ্ধ হয়ে তাঁদের নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন আসামিরা।
এ ঘটনার পর নিহত আজিজ মোল্লার স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ায় আদালত মোট আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
নৃশংস এই হত্যাকাণ্ডের ৮ বছর পর রায় ঘোষণার পর নিহতদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁরা দ্রুত এই রায় কার্যকরের জোর দাবি জানিয়েছেন।
বাদীপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী ও সরকারি কৌঁসুলি (পিপি) আ. ফ. ম. নূরতাজ আলম বাহার আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এর মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং অপরাধীরা তাদের প্রাপ্য শাস্তি পেয়েছে।
