মেহেরপুরের গাংনীতে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীর বিকাশ অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ৮৯৯ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কার্ডের টাকা পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলে মুঠোফোনে আসা (ওটিপি) নম্বর কৌশলে জেনে নেয় প্রতারক চক্র। পরে তিন দফায় ওই টাকা সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় গাংনী থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পারেছা খাতুন।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে থানায় অভিযোগ করেন তিনি। পারেছা উপজেলার ভবানীপুর গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী শাহিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারেছা ও তার স্বামী দুজনই প্রতিবন্ধী। তাদের সাত বছর বয়সী ছেলে পারভেজ ও চার বছর বয়সী ছেলে হামিমও জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। এ ছাড়া পরিবারে রয়েছেন মানসিক ভারসাম্যহীন এক ননদ। পরিবারের অধিকাংশ সদস্য প্রতিবন্ধী হওয়ায় স্থানীয়দের কাছে পরিবারটি ‘প্রতিবন্ধী সংসার’ নামে পরিচিত।
প্রায় ১০ বছর আগে পারেছার সঙ্গে শাহিনের বিয়ে হয়। অভাবের সংসারে স্বামীকে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজে পাঠান পারেছা। কাজ শেষে নিজেই তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। তবে বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় অনেক সময় স্বামীর মজুরিও দেওয়া হয় অর্ধেক। সেই সামান্য আয়েই চলে তাদের সংসার।
অভাব-অনটনের মধ্যেও ভিক্ষাবৃত্তি বেছে নেননি পারেছা। ছাগল ও হাঁস-মুরগি পালন করে বাড়তি আয়ের চেষ্টা করছেন তিনি। দৃষ্টিশক্তি না থাকলেও নিজ হাতে রান্না করা, ঘর গোছানো, সন্তানদের খাওয়ানো ও গোসল করানোসহ সংসারের প্রায় সব কাজই সামলান পারেছা।
ভুক্তভোগী জানান, গত ৯ নভেম্বর বিকেল ৩টা ৩২ মিনিট থেকে ৫টা ১০ মিনিটের মধ্যে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে ফোন করেন। তার ছেলে পারভেজের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ওই ব্যক্তি। কার্ডের টাকা পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে মুঠোফোনে আসা ওটিপি নম্বরও চান তিনি। সরল বিশ্বাসে সেই নম্বর জানান পারেছা।
এরপর তার বিকাশ অ্যাকাউন্ট থেকে তিন দফায় মোট ১২ হাজার ৮৯৯ টাকা অন্য একটি হিসাবে পাঠিয়ে নেওয়া হয়। অভিযোগে পারেছা উল্লেখ করেন, তার ব্যবহৃত নম্বরের বিকাশ অ্যাকাউন্ট থেকে অন্য একটি নম্বরে তিন দফায় টাকা পাঠানো হয়েছে।
বিষয়টি বুঝতে পেরে গাংনী থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
গাংনী থানার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ‘ভুক্তভোগী পারেছা খাতুন এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি আইনি প্রক্রিয়াধীন।’